বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট।।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া শনিবার পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার সুনান এলাকার কাছ থেকে জাপান সাগরের দিকে ছোড়া হয়েছে।

জেসিএসের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ ও সক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া চলাকালীন এই উৎক্ষেপণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পিয়ংইয়ং এই মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে উল্লেখ করে আসছে এবং প্রায়ই এ সময় নিজেদের সামরিক শক্তি প্রদর্শন বা অস্ত্র পরীক্ষা বাড়ায়।

এর আগে, ১০ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন একটি ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই এবং নাবিকদের দ্রুত নৌবাহিনীতে মোতায়েনের প্রস্তুতির জন্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করাও পরীক্ষার একটি উদ্দেশ্য ছিল।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

 

তথ্যসূত্র: এপি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন