রোমান্টিক আবেশে ভরা পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিয়াল মেরি জিন্দেগি হ্যায় তু শেষ হতে চলেছে আগামী সপ্তাহেই। দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই ধারাবাহিকটির গল্পে শেষ মুহূর্তের নাটকীয়তা যোগ করেছেন নাট্যকার, আর সেই সঙ্গে সিরিয়ালটির ইতি টানছেন নির্মাতা।
খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ আবেগাপ্লুত হয়ে পড়েছেন, আবার কেউ গল্পের শেষটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পাকিস্তানি একটি বিনোদনমাধ্যমের তথ্য অনুযায়ী, ধারাবাহিকটির দ্বিতীয় শেষ পর্ব আগামী ১৪ মার্চ সম্প্রচারিত হবে। এর আগে গত ৭ মার্চ প্রচারিত হয়েছে বহুল প্রতীক্ষিত প্রথম শেষ পর্ব।
শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশ ভারতেও বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ভালোবাসার গল্প। সিরিয়ালটিতে আয়রা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমির এবং কামিয়ার চরিত্রে দেখা গেছে বিলাল আব্বাস খান-কে।
ধারাবাহিকটিতে আনন্দ, আবেগ ও উত্তেজনার মিশেলে হানিয়া ও বিলালের অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করে নেয় খুব অল্প সময়েই। যদিও গল্পের কিছু অসম মুহূর্ত নিয়ে সমালোচনা ছিল, তবু দর্শকপ্রিয়তার দিক থেকে সিরিয়ালটি পেয়েছে ব্যাপক সাড়া।
ছোট পর্দায় আয়রা ও কামিয়ারের প্রেমের টানাপোড়েন দীর্ঘদিন দর্শকদের বুঁদ করে রেখেছিল। এখন সেই ভালোবাসার গল্প শেষের পথে। তাই আয়রা ও কামিয়ারের সম্পর্কের পরিণতি জানতে পেরে একদল ভক্ত যেমন স্বস্তি প্রকাশ করছেন, অন্যদিকে অনেক দর্শক প্রিয় সিরিয়ালটির সমাপ্তি নিয়ে আক্ষেপও প্রকাশ করছেন।

