সৌদি আরবের রাজধানী রিয়াদে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইরান। তবে এসব ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রিয়াদ মহানগরীর আকাশে চারটি ড্রোন শনাক্ত করে সেগুলো ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একাধিকবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে দেশটি। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট এলাকা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ অঞ্চলগুলোকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব হামলায় দেশটিতে অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলে ইরানের হামলার জেরে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত এক দিনে ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, তাদের কেউ সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন থেকে নিক্ষেপ করা রকেটের আঘাতে আহত হয়েছেন। আবার অনেকেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির মধ্যেও আহত হয়েছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতের জেরে মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: আল জাজিরা

