যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি।
তিনি দাবি করেন, কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অনুসারী ও তার গ্যাংয়ের সদস্যরা এ ধরনের একটি পরিকল্পনা করছে।
আলী লারিজানি বলেন, “আমি শুনেছি এপস্টেইন গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, ইরান মৌলিকভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে তাদের কোনো যুদ্ধ নেই।
এদিকে ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের বেশ কিছু গোপন নথি প্রকাশের খবর সামনে এসেছে। এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী ও ধনী ব্যক্তির সম্পর্কের তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে এপস্টেইনকে “বিকৃত মানুষ” বলে মন্তব্য করেছিলেন। তবে এর আগে বিভিন্ন সময়ে এই বিতর্কিত অর্থলগ্নিকারীর সঙ্গে ট্রাম্পের একাধিক ছবি প্রকাশ্যে এসেছিল।
বছরের পর বছর ধরে অসংখ্য তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন জেফরি এপস্টেইন। তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অভিজাতদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করছে।

