আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শারজাহ একাডেমী ফর অ্যাস্ট্রোনমি স্পেস সাইন্সেস এন্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদ উদযাপিত হতে পারে।
অন্যদিকে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোতে একদিন পর, অর্থাৎ ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
অ্যাকাডেমির পর্যবেক্ষণে বলা হয়েছে, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। কারণ সেদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ১৯ মার্চকে রমজানের শেষ দিন হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও আকাশে অবস্থান এমন হবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট অনুকূল নয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকায় চাঁদ দেখা কঠিন হতে পারে। তবে ভৌগোলিক কারণে কিছু পশ্চিমাঞ্চলীয় আরব ও মুসলিম দেশে চাঁদ দেখার সম্ভাবনা থাকতে পারে।

