বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা ঝড়-বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির সীমানায় প্রবেশ করে বিদ্যুতের সার্ভিস লাইনের তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের পরিমাণ প্রায় দুই কয়েল, যার বাজারমূল্য অর্ধলাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানিয়েছেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। ইতোমধ্যে একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার স্থানীয় কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন, “আইজিপির বাড়িতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।”

