দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
সভা সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে এবং তা যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
ইসলামি বিধান অনুযায়ী, এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন, যা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় মাস ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। সেই অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের তারিখ নির্ধারিত হয়।

