মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইউরোপে ইসরায়েল সংশ্লিষ্ট একটি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চেক প্রজাতন্ত্র-এ অবস্থিত স্থাপনাটিতে শুক্রবার (২০ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আগুন দেওয়া হয়। একটি চেক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছিল কারখানাটি। অগ্নিকাণ্ডে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী এই অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রাম-এ এক বিবৃতিতে দাবি করেছে, ইউরোপে ইসরায়েলের সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
এদিকে চেক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় সম্ভাব্য ‘সন্ত্রাসী যোগসূত্র’ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এলবিট সিস্টেমস ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্র ও প্রযুক্তির অন্যতম প্রধান সরবরাহকারী। বিভিন্ন সংঘাতে ব্যবহৃত সামরিক সরঞ্জাম সরবরাহের কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত।
অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার দায় স্বীকারকারী গোষ্ঠীটি ইসরায়েলের সহযোগী দেশগুলোর বিরুদ্ধে আরও এমন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।

