সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সড়ক-রেলপথে দায়িত্বহীনতা ভয়াবহ পরিণতি ডেকে আনছে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

সড়ক ও রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি ভয়াবহ পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। রোববার (২২ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ঈদ উপলক্ষে কুমিল্লা ও ফেনী জেলায় ঘটে যাওয়া পৃথক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। শফিকুর রহমান জানান, কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন।

তিনি বলেন, “নিহতদের পরিবারের এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়।” একই সঙ্গে এসব দুর্ঘটনা দেশের পরিবহন ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, সড়ক ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি দূর করা জরুরি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ফেসবুক পোস্টে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন