বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই; হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণেই সাময়িক চাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় ডিমান্ড-সাপ্লাইয়ের মধ্যে একটি ব্যবধান তৈরি হয়েছে। “চাহিদা বাড়লে সাময়িক চাপ তৈরি হওয়া স্বাভাবিক,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ছিল এবং কোথাও তেলের অভাবে যানবাহন বন্ধ হওয়ার ঘটনা ঘটেনি। তাই বর্তমান পরিস্থিতিকে বড় কোনো সংকট হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
অযথা জ্বালানি মজুত না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “মানুষকে বুঝতে হবে, অকারণে মজুত করার দরকার নেই।”
বৈশ্বিক পরিস্থিতির প্রভাবের কথাও তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে সবাইকে সাশ্রয়ী হতে হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দাম নির্ধারণের বিষয়টি মন্ত্রণালয়ের আওতায় নয়; এটি এনার্জি কমিশন দেখভাল করে এবং এখনো দাম বাড়ানো হয়নি।

