বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুত করে লাভ নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ানো হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে তেল মজুত করে বাড়তি লাভের সুযোগ নেই বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে, যা ধনী দেশগুলোকেও প্রভাবিত করছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুত করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি পেট্রোল পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, দাম বাড়ার আশঙ্কায় কেউ তেল জমা করলে তা লাভজনক হবে না, কারণ সরকার আপাতত মূল্য বাড়ানোর পরিকল্পনা করছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় একটি নির্দিষ্ট পরিকল্পনা ও হিসাব থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তেল বিক্রি হয়েছে, যা সাময়িক সংকটের কারণ হয়ে দাঁড়ায়।

উপদেষ্টা বলেন, ঈদের আগে কয়েক দিনের জ্বালানি সরবরাহ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাওয়ার ঘটনা মূলত মানুষের আতঙ্কজনিত আচরণের ফল, ব্যবস্থাপনার ঘাটতি নয়।

তিনি আরও বলেন, সরকার চাইলে জ্বালানি তেলের দাম বাড়াতে পারত, কারণ আন্তর্জাতিক বাজারে ক্রয়মূল্য বেড়েছে। তবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ পরিস্থিতিতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে জ্বালানি সংকট এড়ানো সম্ভব।

এছাড়া তিনি জানান, সরকার বর্তমানে স্পট মার্কেট থেকে গ্যাস আমদানির চেষ্টা করছে এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহে কিছু অনিশ্চয়তা থাকতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন