বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৩

ডেস্ক রিপোর্ট।।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদী-তে তলিয়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি পানির নিচ থেকে তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুর্ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষা করছিল। এ সময় একটি ফেরি পন্টুনে ধাক্কা দিলে সেটি জোরে কেঁপে ওঠে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি নদীতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়।

জানা গেছে, বাসটিতে আনুমানিক ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ২১ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখনও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। ঘাট এলাকায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন