রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টানা ৭ দফা কমার পর বাড়লো সোনার দাম

ডেস্ক রিপোর্ট।।

টানা সাত দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে নতুন করে এ সমন্বয় করা হয়েছে। এর আগে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামে—

২২ ক্যারেট: ২,৩৭,০১২ টাকা

২১ ক্যারেট: ২,২৬,২৮২ টাকা (বৃদ্ধি ২,১০০ টাকা)

১৮ ক্যারেট: ১,৯৩,৯১৪ টাকা (বৃদ্ধি ১,৭৫০ টাকা)

সনাতন পদ্ধতি: ১,৫৭,৯৩১ টাকা (বৃদ্ধি ১,৪৫৮ টাকা)

এর আগে টানা সাত দফায় ভালো মানের সোনার দাম মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা শনিবার সকাল পর্যন্ত কার্যকর ছিল।

এদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন