বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

রাষ্ট্রীয় প্রটোকল ও পদের আভিজাত্য একপাশে সরিয়ে রেখে চলন্ত গাড়িবহর থামিয়ে এক সাধারণ মানুষের দাফনকাজে অংশ নিয়ে মানবিকতার নজির স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নান্দাইল উপজেলার পৌর এলাকার গারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওইদিন সকালে আমির হোসেনের ছেলে আজিমুল মিয়া (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকেলে বাড়ির পাশেই তার দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় হালকা বৃষ্টিও শুরু হয়।

এদিকে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে প্রতিমন্ত্রীর গাড়িবহর ঘটনাস্থল অতিক্রম করার সময় দাফনের দৃশ্যটি তার নজরে আসে। তাৎক্ষণিক তিনি গাড়ি থামিয়ে কোনো আনুষ্ঠানিকতা বা প্রটোকল ছাড়াই দাফনকাজে অংশ নিতে এগিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী নিজ হাতে মরদেহ কবরে নামাতে সহায়তা করেন এবং দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। পরে তিনি আবার নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

স্থানীয় বাসিন্দা হানিফ মিয়া বলেন, “একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফনে অংশ নিতে দেখা সত্যিই বিরল। এটি তার মানবিকতার পরিচয়।”

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, “সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখে আমরা অভিভূত হয়েছি।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনও বলেন, “একজন প্রতিমন্ত্রী নিজ হাতে লাশ বহন করে কবরে নামাবেন—এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এটি মানুষের প্রতি তার আন্তরিকতার প্রকাশ।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন