টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৭ মার্চ) এক শোক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাত প্রায় ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এ দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি শিশুর এমন করুণ মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জোর আহ্বান জানান।
এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও দেশের পরিবহন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

