রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সরকারি বেতন পাচ্ছেন ১২৯ ক্রীড়াবিদ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হচ্ছে। আগামী সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, শুধুমাত্র জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই এই ক্রীড়া ভাতার আওতায় আসবেন। তবে এটি স্থায়ী নয়—প্রতি চার মাস অন্তর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে।

তিনি বলেন, “যারা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স বজায় রাখবেন, তারা এই সুবিধা পেতে থাকবেন। আর যারা পারফরম্যান্স ধরে রাখতে পারবেন না, তারা তালিকা থেকে বাদ পড়বেন।”

প্রথম ধাপে আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে আপাতত এই তালিকায় জায়গা পাচ্ছেন না ক্রিকেটার ও ফুটবলাররা। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ক্রিকেটাররা তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল। ভবিষ্যতে তাদের বিষয়টি বিবেচনা করা হবে। আমরা এখন সেইসব ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিচ্ছি, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন।”

তিনি আরও জানান, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে।

সরকারের এই উদ্যোগ দেশের অবহেলিত ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন