ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ২১ জন ইউক্রেনীয় বিশেষজ্ঞ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের মতে, হামলার সময় মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থান লক্ষ্য করা হয়েছে। একই অভিযানে ইউক্রেনের ড্রোন সিস্টেম সংরক্ষণের স্থান ধ্বংস করা হয়েছে।
মুখপাত্র বলেন, “হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন। তাদের ভাগ্য এখনো নিশ্চিত নয়, তবে নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি দাবি করেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটি ইতোমধ্যে ইরানের সশস্ত্র বাহিনী ধ্বংস করেছে। তিনি জানান, ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতি পরিবর্তন করে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে।
শেখারচি আরও বলেন, “গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে কেউ আমাদের ওপর হামলা চালালে আমরা পাল্টা আঘাত করে শত্রুকে পরাজিত করব।”
এই দাবিগুলো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে হামলা ও হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

