রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

ডেস্ক রিপোর্ট।।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ব্যক্তিগত সফরে বিদেশে যাওয়ার পর তাকে ঘিরে নানা জল্পনা ও অনিশ্চয়তা তৈরি হয়। তিনি কবে দেশে ফিরবেন—তা নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের কিছুটা পর হলেও দেশে ফিরেছেন বিসিবি সভাপতি।

এদিকে, গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে ঘিরে বিতর্ক এখনো কাটেনি। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কিছু ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অভিযোগ করেছেন যে, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতা ছিল।

এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিটির প্রতিবেদন আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে জমা পড়তে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবি সভাপতির বক্তব্য নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে তার সঙ্গে অনলাইনে যোগাযোগ করা হলেও দেশে ফেরার পর সরাসরি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই বিসিবির বর্তমান পরিস্থিতি এবং নেতৃত্ব নিয়ে পরবর্তী সিদ্ধান্ত পরিষ্কার হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন