রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয় বলে ডিবির একটি সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের এক-এগারো সময়কাল নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে। বর্তমানে তারা ডিবির রিমান্ডে রয়েছেন।
সূত্র আরও জানায়, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।
আফজাল নাছের ২০০৬ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন এবং এক-এগারোর সময় সংস্থাটির প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে ২০০৯ সালের ৫ নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় তাকে বরখাস্ত করা হয়।
গ্রেপ্তার হওয়া আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

