ইরানে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে দেশটির সরকার কাঠামোয় বড় পরিবর্তন ঘটেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি স্বাক্ষর নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।
রোববার (২৯ মার্চ) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পূর্ববর্তী শাসনব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা এখন এমন একদল মানুষের সঙ্গে কথা বলছি, যাদের সঙ্গে আগে কখনো কাজ করা হয়নি। তারা ভিন্ন ধরনের এবং যুক্তিসঙ্গত আচরণ করছে। আমি বিশ্বাস করি, আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারব।”
সংঘাতের প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আহত থাকা অবস্থাতেই তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে ইরান। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়।
এদিকে সংঘাত চলাকালে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps-এর একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে দেশটির নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে বিশ্লেষকদের ধারণা।
আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ইতোমধ্যে মধ্যস্থতার উদ্যোগ শুরু হয়েছে। পাকিস্তান আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য শান্তি সংলাপ আয়োজনের প্রস্তুতি চলছে।

