ডেস্ক রিপোর্ট।।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মামলায় তিন আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদী হাসান রাসেল, এসএম সাজিদ ওরফে ইয়াসিন শেখ এবং আব্দুল্লাহ শেখ। একই সঙ্গে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন; অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৮ মার্চ কাশিয়ানীর খাগড়াবাড়িয়া এলাকায় নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানে গিয়ে আসামিরা নির্বাহী পরিচালক আজিজুল ইসলাম মিয়াকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে তারা প্রতিষ্ঠানের ম্যানেজার হাতিম আলি মৃধার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ১০ মার্চ আজিজুল ইসলাম কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছরের ১১ এপ্রিল আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর মামলার বাদীপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা যায়; কোথাও কোথাও আনন্দ প্রকাশে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মেহেদী হাসান রাসেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ রায়ের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

