বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত, ইরান থেকে নিরাপদে ফিরেছেন ১৮৬ জন

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি ১৮৬ জন বাংলাদেশিকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে দেশে ফেরত আনা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধ শুরু হওয়া থেকেই আমাদের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ ছিল মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা। এই উদ্দেশ্যে আমাদের মিশনগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন, এবং এর মধ্যে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ পরিস্থিতি জটিল এবং অপ্রত্যাশিত। “বাংলাদেশিরা কখন কোথায় ঝুঁকিতে আছে, তা সবসময় বোঝা যায় না। তাই আমাদের চার্টার্ড বিমান ফ্লাইটের মাধ্যমে তেহরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরত আনা হয়েছে।”

শামা ওবায়েদ জানান, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি দেশীয় জ্বালানি পরিস্থিতি নিয়েও আশ্বাস দেন, “বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে বিকল্প জ্বালানি উৎস খুঁজে আনার কাজ ত্বরান্বিত করেছেন।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায়, মধ্যপ্রাচ্য ছাড়া অন্য উৎস থেকেও জ্বালানি আনার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে এবং আশা প্রকাশ করা হয়েছে, এই প্রচেষ্টা সফল হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন