বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম স্থানীয় আমলি আদালতে এ মামলা করেন।
মামলার বাদী জানান, সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা প্রকাশ্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ হিসেবে উল্লেখ করেন, যা তার সম্মানহানিকর। এ কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সুমন কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

