মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও সংশ্লিষ্ট অঞ্চলে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
গোষ্ঠীটির দাবি, ভোরের দিকে একযোগে একাধিক আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের মা’আলত-তারশিহা এলাকায় অবস্থিত একটি প্রতিরক্ষা স্থাপনায় এ হামলা চালানো হয়। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি ইসরায়েলের বিরুদ্ধে তাদের তৃতীয় হামলা বলে উল্লেখ করা হয়েছে।
হিজবুল্লাহ সতর্ক করে জানিয়েছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বন্ধ না হলে তারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। সংস্থাটি জানায়, ট্যাংকারটি সম্পূর্ণ বোঝাই অবস্থায় ছিল এবং হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়, ফলে আশপাশের সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে কেপিসি।
এদিকে, একই দিনে দ্বিতীয়বারের মতো কোনো তেলবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেল। এর আগে সংযুক্ত আরব আমিরাত উপকূলের উত্তর-পশ্চিমে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত হানার ঘটনা ঘটে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

