সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সংবিধান বাতিলের আহ্বানের সমালোচনা আন্দালিব রহমান পার্থের

ডেস্ক রিপোর্ট।।

বিদ্যমান সংবিধান বাতিলের দাবির কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “সংবিধান ছুড়ে ফেলব কেন? এই সংবিধানে এত গাত্রদাহ কেন? সংবিধান কি মনে করিয়ে দেয়—এটা একাত্তরের পরাজয়ের দলিল?”

তিনি অভিযোগ করেন, ভিন্নমত প্রকাশ করলেই কাউকে ‘জুলাইয়ের বিপক্ষের শক্তি’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, “যৌক্তিক প্রশ্ন তুললেই আমাদেরকে বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। এটি অতীতের রাজনৈতিক আচরণের পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে।”

জুলাই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “শেষ কয়েক মুহূর্তের অর্জন দিয়ে পুরো আন্দোলনের কৃতিত্ব নির্ধারণ করা ঠিক নয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন দল ও নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় সব পক্ষের অবদানকে সম্মান জানানো প্রয়োজন, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়।

তার এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন