রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে ইতিহাস

ডেস্ক রিপোর্ট।।

আন্তঃমহাদেশীয় প্লে-অফ জিতে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ জায়গা করে নিয়েছে ইরাক। ফাইনালে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ৪০ বছর পর আবারও ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরছে দলটি।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের ৪৮টি অংশগ্রহণকারী দেশের তালিকা চূড়ান্ত হলো। এর আগে এশিয়ান বাছাইপর্ব থেকে সরাসরি টিকিট হাতছাড়া করলেও প্লে-অফ নিশ্চিত করেই উদযাপনে মেতে ওঠে ইরাক।

ইরাকের অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড বলেন, দেশের মানুষের আবেগ এবং খেলোয়াড়দের নিবেদনই দলকে এগিয়ে নিয়েছে। তার ভাষায়, বাগদাদের রাস্তায় মানুষের উদযাপন দলকে আরও অনুপ্রাণিত করেছে।

ম্যাচের ১৮ মিনিটে আলি আলমাহাদি ইরাককে এগিয়ে নেন। ৩৮ মিনিটে মইসেস পানিয়াগুয়া সমতা ফেরালেও ৫৩ মিনিটে আইমেন হুসেইন গোল করে ইরাকের জয় নিশ্চিত করেন।

১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা ইরাক এবার দ্বিতীয়বারের মতো সেই মঞ্চে উঠছে। কোচ আরনল্ডও অনন্য কীর্তি গড়েছেন—নিজ দেশের বাইরে আরেকটি দলকে বিশ্বকাপে তোলার বিরল সাফল্য পেয়েছেন তিনি।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ।

গ্রুপ পর্বে ‘আই’ গ্রুপে ইরাকের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, নরওয়ে এবং সেনেগাল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন