সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাস চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা মহানগরসহ দেশের সব মহানগরে স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩১ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় নেওয়া এ সিদ্ধান্ত ‘দুঃখজনক ও অদূরদর্শী’। সরকারের বক্তব্যে অসঙ্গতি রয়েছে উল্লেখ করে তারা বলেন, একদিকে জ্বালানি সংকট নেই বলা হচ্ছে, অন্যদিকে সেই সংকটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে—যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

সংগঠনটির নেতারা দাবি করেন, জ্বালানি সংকট থাকলে তার চাপ শিক্ষার্থীদের ওপর দেওয়া উচিত নয়। শিক্ষা খাতকে লক্ষ্যবস্তু করা হলে তা জাতির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, অনলাইন শিক্ষাব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থী ইন্টারনেট খরচ ও ডিভাইস সংকটে পড়বে, ফলে শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়বে। পাশাপাশি অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মধ্যে আসক্তি ও নৈতিক অবক্ষয়ের আশঙ্কার কথাও তুলে ধরা হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে প্রয়োজন হলে বিশেষ বরাদ্দের মাধ্যমে নিয়মিত সশরীরে পাঠদান চালু রাখার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি আরও সতর্ক করে বলেছে, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন