ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি-কে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফরে ছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম দেশটির সিনেটে জানান, আজহারির সফর নিয়ে আগেই কিছু গোষ্ঠী সংসদ সদস্যদের সতর্ক করেছিল।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-এ এক বক্তব্যে আডলফ হিটলার সম্পর্কে ইতিবাচক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই বক্তব্যে ইহুদিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য ও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানোর কথাও উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে আজহারি বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

