ডেস্ক রিপোর্ট।।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
মালদ্বীপের মালে শহরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটেই লিড নেওয়ার সুযোগ তৈরি করেন মুরশেদ আলী, যার পাস থেকে বল পান নাজমুল হুদা ফয়সাল। তবে তিনি গোল করতে ব্যর্থ হন।
তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১১ মিনিটে কর্নার থেকে মুরশেদের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন মোহাম্মদ মানিক। তার এই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে নেপাল, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়। পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি হয়, তবে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও লড়াকু পারফরম্যান্স ধরে রেখে ম্যাচের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
এই জয়ের ফলে শিরোপা জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

