বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট।।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে টারনেট উপকূলের কাছে নর্দার্ন মলুক্কা সাগর অঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে এবং আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

বিবিসি  জানিয়েছে, এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে একজন আহত হয়েছেন। ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকায় বাড়িঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপর রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পনটি এক মিনিটেরও বেশি সময় ধরে অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই হঠাৎ পরিস্থিতিতে দৈনন্দিন কাজ ফেলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এদিকে মানাদো শহরেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং সতর্ক অবস্থান নেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। প্রাথমিকভাবে এর মাত্রা ৭.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টারনেট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, নর্থ মালুকু প্রদেশ এলাকায়। স্থানীয় প্রশাসন টারনেট ও তিদোরসহ আশপাশের দ্বীপগুলোর বাসিন্দাদের সম্ভাব্য সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থার তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১,০০০ কিলোমিটার এলাকার মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ইন্দোনেশিয়ার কিছু উপকূলে ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এছাড়া জাপানসহ অন্যান্য অঞ্চলে তুলনামূলক ছোট ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ইন্দোনেশিয়া রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সম্ভাব্য পরাঘাত (aftershock) নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন