বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আপোষের শর্তে দেওয়া জামিনের শর্ত ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জামিনে মুক্তি পেলেও তা বাস্তবায়ন করেননি নোবেল। একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া অর্থও ফেরত দেননি।
এর প্রেক্ষিতে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেন নোবেল। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন বলে অভিযোগ রয়েছে। পরে সেই অর্থ আত্মসাৎ করা হয়।
২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়ের হলে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্ত শেষে প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এর ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে তাকে অস্থায়ী জামিন দিয়েছিল, যার মেয়াদ ছিল ২ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য, মাইনুল আহসান নোবেল-এর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। সর্বশেষ একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার কয়েকদিন পর তিনি জামিন পান।

