বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন তেল

ডেস্ক রিপোর্ট।।

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে। লোহিত সাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে তেল পৌঁছানো হবে।

তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড করার কথা রয়েছে। দেশে পৌঁছানোর পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন করা হবে এবং এরপর এটি বাজারজাত করা হবে।

এদিকে, বর্তমানে এমটি নরডিক পলুকস নামের একটি ১ লাখ মেট্রিক টন ক্রুড তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালিতে আটকা পড়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা পোর্ট-তে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।

চট্টগ্রাম বন্দরে দুটি ট্যাংকার পৌঁছালে পরিশোধন প্রক্রিয়ার পর মোট ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে বিপুল পরিমাণ জ্বালানি পাওয়া যাবে। এর মধ্যে থাকবে ৫২ হাজার মেট্রিক টন ডিজেল, ৩২ হাজার মেট্রিক টন পেট্রোল, ১৬ হাজার মেট্রিক টন অকটেন, ৪৮ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, ৪২ হাজার মেট্রিক টন কেরোসিন।

চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে অন্তত ৩৩টি জাহাজ এসেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন