মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে টানা দুই জয়ে দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন আলোচনার কেন্দ্রে অধিনায়ক লিওনেল মেসি।
২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। নিজের ইনস্টাগ্রামে ম্যাচের কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আর্জেন্টিনা অলওয়েজ”—সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি।
সাম্প্রতিক দুই প্রীতি ম্যাচে মেসির পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের। তবে ৩৯ বছরে পা রাখতে যাওয়া এই কিংবদন্তি ফুটবলার ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। যদি ২০২৬ আসরেও মাঠে নামেন, তবে ক্রিশ্চিয়ানো রোনালদো-র সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন তিনি।
২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
সব মিলিয়ে, মেসির একটি ছোট বার্তাই নতুন করে প্রশ্ন তুলেছে—আরও একবার কি বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ফুটবল ইতিহাসের এই মহাতারকাকে?

