বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নেদারল্যান্ডসে চুরি হওয়া ২,৫০০ বছরের পুরোনো সোনার হেলমেট উদ্ধার

ডেস্ক রিপোর্ট।।

নেদারল্যান্ডসের একটি জাদুঘর থেকে চুরি হওয়া রোমানিয়ার আড়াই হাজার বছরের পুরোনো অমূল্য সোনার হেলমেট অবশেষে উদ্ধার হয়েছে। বহুল আলোচিত এই প্রত্নসম্পদ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন ডাচ শিল্প-গোয়েন্দা আর্থার ব্র্যান্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি বলেন, “এটি অবিশ্বাস্য—এর চেয়ে ভালো খবর আর হতে পারত না।”

উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি হলো কোটোফেনেস্তি সোনার হেলমেট, যা পঞ্চম শতাব্দী পূর্বাব্দের একটি দুর্লভ স্বর্ণনির্মিত নিদর্শন। এটি রোমানিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য হিসেবে বিবেচিত।

২০২৫ সালের জানুয়ারিতে উত্তর নেদারল্যান্ডসের ড্রেন্টস জাদুঘর-এ গভীর রাতে বিস্ফোরক ব্যবহার করে ঢুকে পড়ে একদল ডাকাত। আতশবাজি সদৃশ শক্তিশালী বিস্ফোরণে দরজা ও কাচ ভেঙে তারা প্রদর্শনী কক্ষ থেকে মূল্যবান প্রত্নবস্তু লুট করে নিয়ে যায়।

চোরেরা ওই সোনার হেলমেট ছাড়াও আরও তিনটি ডাসিয়ান স্বর্ণের ব্রেসলেট নিয়ে পালিয়ে যায়। এসব নিদর্শন রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর থেকে প্রদর্শনীর জন্য আনা হয়েছিল।

এই চুরি নেদারল্যান্ডস ও রোমানিয়া—উভয় দেশেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। নিদর্শনটি উদ্ধারে আন্তর্জাতিক পর্যায়ে তল্লাশি চালানো হয়।

ডাচ সরকার সম্ভাব্য ক্ষতিপূরণ হিসেবে ৫৭ লাখ ইউরো বরাদ্দ রেখেছিল। তবে প্রত্নসম্পদটি উদ্ধার হওয়ায় সেই আশঙ্কা কেটে গেছে।

ডাচ গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার হওয়া হেলমেটটিতে সামান্য ক্ষতির চিহ্ন থাকতে পারে। এ বিষয়ে প্রসিকিউটরদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন