হ্যামস্ট্রিং চোটের কারণে দীর্ঘ এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (৩ এপ্রিল) রাতে আল নাজমার বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে ফিরে জোড়া গোল করে দলকে ৫-২ ব্যবধানে জয় এনে দেন তিনি।
এই ম্যাচটি ছিল আল নাসরের জার্সিতে রোনালদোর শততম লিগ ম্যাচ। ম্যাচের শুরুতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে দুই দল ২-২ গোলে সমতায় থাকলেও, গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই পর্তুগিজ সুপারস্টার।
এরপর ৭৩তম মিনিটে আরেকটি গোল করে নিজের জোড়া পূর্ণ করেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-এ। হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আরও ৩৩টি গোল।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লিখেছেন, “ফেরাটা দারুণ হলো। আমরা একসঙ্গে এগিয়ে যাব।”
এই জয়ে সৌদি প্রো লিগে আল নাসরের টানা ১৩তম জয় নিশ্চিত হয়েছে। বর্তমানে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে তারা ৬ পয়েন্ট এগিয়ে।
উল্লেখ্য, চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন রোনালদো। ২৩ ম্যাচে ২৩ গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

