ইরানের আকাশসীমায় ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনুসন্ধান অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে মার্কিন বিশেষ বাহিনী গভীর এলাকায় তৎপরতা অব্যাহত রেখেছে।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে ইতোমধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বিমানের অপর ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিখোঁজ ওই সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে কঠিন ও সময়সংবেদনশীল অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে মার্কিন বাহিনীকে প্রতিরোধের মুখেও পড়তে হয়েছে।
এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, উদ্ধার তৎপরতার সময় অতিরিক্ত দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়ে। এ সময় একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হলে পাইলটকে জরুরি পরিস্থিতিতে বের হয়ে আসতে হয় এবং পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ব্যবহৃত হেলিকপ্টারগুলোর একটি ছোট অস্ত্রের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকজন ক্রু সদস্য আহত হলেও হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ (সিএসএআর) অভিযান সামরিক বাহিনীর সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশনগুলোর একটি। শত্রু এলাকার ভেতরে সীমিত সময়ের মধ্যে নিখোঁজ সদস্যকে খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ।

