বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

হরমুজ প্রণালি আংশিকভাবে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলল

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন স্থবির হয়ে থাকা হরমুজ প্রণালি আংশিকভাবে পুনরায় বাণিজ্যিক জাহাজের জন্য খোলা হয়েছে। শিপিং ডেটা অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে ওমান, ফ্রান্স ও জাপান-সম্পৃক্ত একাধিক জাহাজ প্রণালিটি নিরাপদে অতিক্রম করেছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান পুরো প্রণালিটি বন্ধ করে দেয়, তবে পরে লারাক দ্বীপের কাছে বিশেষ অনুমোদিত রুট চালু করে। আন্তর্জাতিক শিপিং জার্নাল ‘লয়েড’স লিস্ট’ ওই রুটকে ‘তেহরান টোল বুথ’ হিসেবে উল্লেখ করেছে। ফরাসি শিপিং কোম্পানি ‘সিএমএ সিজিএম’-এর একটি কনটেইনার জাহাজ এই রুট ব্যবহার করে নিরাপদে পার হয়। পারাপারের সময় জাহাজটি এআইএস সিস্টেমে “ফ্রান্স মালিকানাধীন” জাতীয়তা সংকেত দেখায়, তবে অনেক জাহাজ সাময়িকভাবে এআইএস বন্ধ রেখেছিল।

একই দিনে জাপানের মিতসুই ও.এস.কে. লাইনস-এর সহ-মালিকানাধীন এলএনজি ট্যাংকার “সোহর এলএনজি” প্রথমবারের মতো প্রণালিটি অতিক্রম করেছে। ভারতের পতাকাবাহী ‘গ্রিন সানভিও’ এলপিজি ট্যাংকারও নিরাপদে রুট পার হয়েছে। পানামার পতাকাবাহী বড় একটি গ্যাসবাহী জাহাজ চীনের উদ্দেশ্যে প্রণালি ব্যবহার করেছে। এছাড়া ওমান শিপিং ম্যানেজমেন্ট পরিচালিত দুটি বড় ক্রুড ক্যারিয়ার ও একটি এলএনজি ট্যাংকারও একই দিনে পারস্য উপসাগর ছাড়ে।

ইরান-ওমান যৌথভাবে হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ চলাচলের জন্য একটি ‘শান্তিকালীন প্রোটোকল’ তৈরি করছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, প্রোটোকলটি মূলত চলমান যুদ্ধ শেষ হওয়ার পর কার্যকর হবে এবং আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করবে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কারণে হরমুজ প্রণালির স্থবিরতার ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। সীমিত বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় বাজারে কিছুটা স্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন