মার্কিন মহাকাশ সংস্থা নাসা-এর ঐতিহাসিক আর্টেমিস-২ মিশনে অংশ নেওয়া নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযান চাঁদের পথে ইতোমধ্যেই অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে। শনিবার (৪ এপ্রিল) সংস্থাটি তাদের অফিসিয়াল আপডেটে এ তথ্য জানায়।
নাসার তথ্যমতে, গত ১ এপ্রিল কেনেডি স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণের পর মহাকাশযানটি বর্তমানে গভীর মহাকাশে চাঁদের দিকে অগ্রসর হচ্ছে এবং এর সকল সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে।
নাসা জানিয়েছে, নভোচারীরা চাঁদের কাছে পৌঁছে একটি ‘লুনার ফ্লাইবাই’ সম্পন্ন করবেন। অর্থাৎ, তারা চাঁদের খুব কাছ দিয়ে ঘুরে এসে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবেন, তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবেন না। আগামী ৬ এপ্রিল তারা চাঁদের সবচেয়ে কাছাকাছি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন রিড ওয়াইজম্যান। তার সঙ্গে রয়েছেন পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন। এই মিশনের মাধ্যমে ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ এবং ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে পৌঁছানোর রেকর্ড গড়তে যাচ্ছেন।
এছাড়া, এই অভিযান ১৯৭০ সালের অ্যাপোলো ১৩ মিশনের সর্বোচ্চ দূরত্ব অতিক্রমের রেকর্ড ভাঙবে বলেও আশা করা হচ্ছে।
১০ দিনের এই মিশন শেষে আগামী ১০ এপ্রিল মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। এই মিশনের সফলতা ভবিষ্যৎ আর্টেমিস-৩ মিশনের পথ সুগম করবে, যেখানে মানুষকে আবার চাঁদের মাটিতে অবতরণের পরিকল্পনা রয়েছে।

