ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া নির্দেশ অমান্য করায় দেশটির এক ডজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যানসহ ১২ জন শীর্ষ কর্মকর্তার চাকরিচ্যুতি আধুনিক মার্কিন ইতিহাসে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা দুইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এক পক্ষ বলছে, প্রেসিডেন্ট হিসেবে সামরিক কৌশল নির্ধারণে ট্রাম্পের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তার নির্দেশ অমান্য করা কমান্ড কাঠামোর গুরুতর লঙ্ঘন। অন্যদিকে, সমালোচকরা মনে করছেন, জেনারেলরা হয়তো একটি ‘অবৈধ বা ঝুঁকিপূর্ণ’ নির্দেশ বাস্তবায়ন থেকে বিরত থাকতে চেয়েছেন, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারত।
এই ঘটনার ফলে হোয়াইট হাউস ও পেন্টাগনের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। বরখাস্ত হওয়া পদগুলো কীভাবে পূরণ করা হবে এবং চলমান সামরিক অভিযানে এর প্রভাব কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, অভিজ্ঞ সামরিক নেতৃত্ব সরিয়ে রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের বসানো হলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা ও বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
সূত্র: রোয়া নিউজ

