সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিএনপির রাজনীতি ‘মুনাফেকি ও সুবিধাবাদী’ রাজনীতি : মামুনুল হক

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে বিএনপি-র রাজনীতি ‘মুনাফেকি ও সুবিধাবাদের’ ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন মামুনুল হক। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ এবং দ্রুত গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা মহানগর শাখা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

সমাবেশে মামুনুল হক অভিযোগ করেন, নির্বাচন-পূর্ববর্তী সময়ে বিএনপি জনসম্মুখে এক ধরনের বক্তব্য দিলেও বাস্তবে ভিন্ন আচরণ করেছে। তিনি বলেন, “তলে তলে এক কথা আর প্রকাশ্যে আরেক কথা বলাকে মুনাফেকি বলা হয়—বিএনপির রাজনীতির এই চেহারা এখন স্পষ্ট।”

তিনি আরও বলেন, ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করে এমন অধ্যাদেশ বিএনপির কাছে গ্রহণযোগ্য হলেও জবাবদিহিমূলক প্রস্তাবনা তারা পছন্দ করে না। জনগণের রায় উপেক্ষা করলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন এ টি এম আজহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আহমদ আবদুল কাদের, এ এইচ এম হামিদুর রহমান আযাদ, আকতার হোসেন এবং মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন