ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র ঘিরে সাম্প্রতিক হামলার ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং উপসাগরীয় দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে।
পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে আরাগচি বলেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাতের সময় আন্তর্জাতিক মহল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, বুশেহর কেন্দ্রের ক্ষেত্রে তেমন কোনো দৃশ্যমান অবস্থান নেই।
তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চারবার এই পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট দেশগুলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্ভাব্য বিকিরণ ছড়িয়ে পড়লে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত দেশগুলোর রাজধানীগুলো সরাসরি হুমকির মুখে পড়তে পারে।
তিনি অভিযোগ করেন, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতেও হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

