বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৩ মে থেকে সারাদেশে হামের টিকা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী ৩ মে থেকে সারাদেশে এ কর্মসূচি শুরু হবে।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, প্রাথমিকভাবে ১২ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ চারটি এলাকায় টিকাদান কার্যক্রম চালু করা হবে। এসব এলাকার মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাপে ধাপে এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, “হামের বর্তমান পরিস্থিতি কোনোভাবেই অবহেলা করার মতো নয়। এটি এমন পর্যায়ে পৌঁছেছে, যা সাম্প্রতিক মহামারির মতোই উদ্বেগজনক হয়ে উঠতে পারে।”

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হামের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন