যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে পরিচালিত সামরিক অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রোববার বলেন, দক্ষিণ ইসফাহান অঞ্চলে মার্কিন বাহিনীর উদ্ধার অভিযান নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে।
তিনি দাবি করেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, বাসিজ ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অনুপ্রবেশকারী মার্কিন বাহিনীকে প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় অন্তত পাঁচ ইরানি নাগরিক নিহত হয়েছেন।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন দাবি করে জানান, ইরানের একটি পাহাড়ি এলাকা থেকে একটি ভূপাতিত F-15 যুদ্ধবিমান-এর ক্রুকে উদ্ধার করা হয়েছে, যদিও তিনি গুরুতর আহত।
ট্রাম্প আরও বলেন, উদ্ধার অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং ইরানি বাহিনী উদ্ধারকারী দলকে খুঁজে বের করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের বিপরীতমুখী দাবির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।

