চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবকে ‘অত্যন্ত উচ্চাভিলাষী, অস্বাভাবিক এবং অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তেহরান কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা-এর বরাতে জানানো হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি যুক্তরাষ্ট্র এই ১৫ দফার প্রস্তাব ইরানের কাছে পাঠায়। এতে পাকিস্তানসহ কয়েকটি বন্ধুসুলভ দেশ ভূমিকা রাখে।
বাঘেই বলেন, “আমরা আমাদের নিজস্ব স্বার্থ ও বিবেচনার ভিত্তিতে একটি আলাদা রূপরেখা প্রস্তুত করেছি। তবে উপযুক্ত সময়েই তা প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করাকে দুর্বলতা হিসেবে দেখার কোনো কারণ নেই। “ইসলামী প্রজাতন্ত্র ইরান দ্রুত ও স্পষ্টভাবে নিজের অবস্থান জানাচ্ছে—এটি আত্মসমর্পণ নয়,” যোগ করেন তিনি।
এদিকে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পাকিস্তানি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় বসার আগে ইরান কিছু শর্ত দিয়েছে।
তেহরানের শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা প্রত্যাহার, ইরানের ওপর চাপ প্রয়োগ বন্ধ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ এবং নিরাপত্তা নিশ্চয়তা।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

