সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জামায়াত কর্মী সাওদা সুমির জামিন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭), ওরফে সাওদা সুমি, ভোলার আদালত থেকে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন ডা. শফিকুর রহমান। তিনি পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”

এর আগে, রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়ার কারণে সাওদা সুমিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার এবং সরকারবিরোধী মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। তিনি আরও অভিযোগ করেন, সরকার বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

এ ধরনের ঘটনায় দেশের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা ও জনমনে ভীতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন