জাতীয় বিশ্ববিদ্যালয় (জাতীয় বিশ্ববিদ্যালয়) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৭ এপ্রিল) জানিয়েছে, দেশের সব বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। এতে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদন নিশ্চয়তা সম্পন্ন শিক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে হবে। ডাউনলোডের জন্য Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করতে হবে। একই সঙ্গে Honours ট্যাবের Admit Card Download অপশন থেকেও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষার দিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এছাড়া পরীক্ষার অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র থেকে বা ওয়েবসাইটের মাধ্যমে আসন বিন্যাস দেখে নেওয়া বাধ্যতামূলক।
পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্রবেশপত্রের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতেও বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন, প্রবেশপত্রে উল্লেখিত সব নিয়মাবলী মেনে পরীক্ষা দিতে হবে।

