জাতীয় ক্রীড়া পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার। বোর্ডের কার্যক্রম আপাতত পরিচালনা করবে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, বিসিবির নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আইসিসির নিকট অবহিত করা হয়েছে।
তিনি বলেন, বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়ম লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ই-মেইলের মাধ্যমে আইসিসিকে বিষয়টি জানিয়েছে।
এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচিত কমিটি গঠন করতে বাধ্য থাকবে। এই সময়ে কমিটি নির্বাচিত বোর্ডের মতো ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক্রিকেট পরিচালনা করবে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

