চাঁদের পাশ দিয়ে ঐতিহাসিক পরিক্রমা শেষে পৃথিবীর পথে ফিরছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল পথ অতিক্রম করে তারা পৃথিবীতে ফিরছেন।
বিবিসি-এর এক প্রতিবেদনে মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ফেরার এই যাত্রায় প্রায় চার দিন সময় লাগবে। আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্যাসিফিক মহাসাগরে তাদের অবতরণের কথা রয়েছে।
এই মিশনে নভোচারীরা চাঁদের চারপাশে সফলভাবে পরিক্রমা সম্পন্ন করেছেন। পাশাপাশি মহাকাশযান থেকে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন, যা এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান অরিয়ন স্পেসক্রাফট থেকে পৃথিবীর দৃশ্য পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে নাসা।
চাঁদের পেছনে অবস্থানকালে নভোচারীদের সঙ্গে নাসার যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৪০ মিনিট ধরে এই ব্ল্যাকআউট চললেও এটি পূর্বপরিকল্পিত ছিল।
পরে যোগাযোগ পুনঃস্থাপিত হলে মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ বলেন, “পৃথিবী থেকে আবার বার্তা পেয়ে খুব ভালো লাগছে।”
পৃথিবীতে ফিরে প্রথমে মহাকাশযানটি পানিতে অবতরণ করবে। এরপর হেলিকপ্টারের মাধ্যমে নভোচারীদের কাছাকাছি অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজে নেওয়া হবে। সেখানে তাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা ইতিহাস সৃষ্টি করেছেন এবং পুরো দেশকে গর্বিত করেছেন। পাশাপাশি তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

