সাবমেরিন ক্যাবল সিস্টেমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশে ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন ও ধীরগতি দেখা দিতে পারে। আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় এ প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৫ (SEA-ME-WE-5)-এর আওতায় ‘Shunt Fault Repair’ শীর্ষক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই কাজ প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে বিএসসিপিএলসি জানিয়েছে, বিকল্প সাবমেরিন ক্যাবল ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট সেবা চালু রাখা হবে, যাতে গ্রাহকদের ভোগান্তি কমানো যায়। সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

