বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির অভিযোগ করেন, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন ইতোমধ্যেই ‘বিভৎস রূপ’ প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ জনগণের একটি পবিত্র আমানত। জনগণের রায়কে উপেক্ষা করে জোরপূর্বক ফল পরিবর্তন করা হলে তা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে। জনগণের রায়ের প্রতি আস্থা থাকলে বলপ্রয়োগের প্রয়োজন পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে নির্বাচন পরিস্থিতি নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সিইসি বলেন, এই নির্বাচনকে আগের যেকোনো নির্বাচনের তুলনায় আরও ভালো করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় শেরপুর-৩ আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনী মাঠে দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

